বিধি – তফসিল-৫ (চা-বাগানের বিভিন্ন সুযোগ ও সুবিধাদি)

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

তফসিল-৫

[বিধি ৯৬ দ্রষ্টব্য]

চা-বাগানের বিভিন্ন সুযোগ ও সুবিধাদি

১। কাজের স্থানে পানীয় জলের ব্যবস্থা:

প্রত্যেক চা-বাগানের প্রত্যেক কাজের জায়গায় সুবিধাজনক স্থানে সকল শ্রমিকের নাগালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার পানি সরবরাহের নিয়মিত সুব্যবস্থা রাখিতে হইবে এবং এ লক্ষ্যে বাগানের প্রতি সেকশনে পাতা ওজনের কেন্দ্রে ১টি করিয়া টিউবওয়েল স্থাপন বা সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করিতে হইবে।

২।কাজের স্থানে শৌচাগার ও প্রক্ষালণ কক্ষ:

(ক) প্রত্যেক চা বাগানের শ্রমিকদের ব্যবহারের জন্য প্রতি সেকশনের পাতা ওজন কেন্দ্রের সুবিধাজনক স্থানে পুরুষ ও মহিলাদের জন্য নির্ধারিত মানের প্রয়োজনীয় সংখ্যক পৃথক পৃথক শৌচাগার ও প্রক্ষালন কক্ষের ব্যবস্থা থাকিতে হইবে;

(খ) দফা (ক) এ উল্লিখিত প্রতিটি শৌচাগার ও প্রক্ষালন কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করিতে হইবে।

৩। বিনোদনমূলক ব্যবস্থা (Recreation facilities):

(ক) প্রত্যেক মালিক শ্রমিক প্রতিনিধির সহিত অলোচনাক্রমে প্রত্যেক বাগানে শ্রমিকদের জন্য সুবিধাজনক স্থানে বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করিবেন;

(খ) বিনোদন ক্ষেত্রে যথোপযুক্ত ইনডোর ও আউটডোর খেলার ব্যবস্থা ও অন্যান্য বিনোদনমূলক ব্যবস্থা থাকিতে হইবে;

(গ) যুক্তিসঙ্গত দূরত্বের মাঝে খোলা জায়গা থাকিলে প্রয়োজনীয় বহি: ক্রীড়া সরঞ্জামসহ একটি খেলার মাঠের ব্যবস্থা করা যাইবে;

(ঘ) শ্রম অধিদপ্তরের অধীনস্ত সকল শ্রম কল্যাণ কেন্দ্র, আঞ্চলিক শ্রম দপ্তর, বিভাগীয় শ্রম দপ্তর ও শিল্প সম্পর্ক শিক্ষায়তন শ্রমিকদের সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহ প্রদান করিবে।

৪। শ্রমিকগণের সন্তানদের শিক্ষার ব্যবস্থা (Educational facilities for workers’ children):

(ক) প্রত্যেক মালিক শ্রমিকদের সন্তান-সন্ততির জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষাদানের উদ্দেশ্যে শ্রমিক সংগঠনের সহিত (যদি থাকে) আলোচনাক্রমে প্রত্যেক বাগানে এক বা একাধিক প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থা করিবেন;

(খ) সংশ্লিষ্ট কর্মরত শ্রমিকদের বসবাসের স্থান হইতে দেড় কিলোমিটারের মধ্যে উক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা করিতে হইবে এবং উহাতে শ্রমিকদের ছয় হইতে বার বৎসর বয়সের সকল শিশুর ভর্তি ও লেখাপড়ার উপযোগী যথেষ্ট স্থান, আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম থাকিতে হইবে;

(গ) উক্ত বিদ্যালয়ে প্রতি চল্লিশ জন শিশুর জন্য একজন করিয়া শিক্ষক বা অনুরূপ হারে পর্যাপ্ত সংখ্যক যোগ্য শিক্ষক থাকিতে হইবে:

(ঘ) এই তফসিলে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, পর্যাপ্ত আসনের ব্যবস্থাসহ শ্রমিকদের ছয় হইতে বার বৎসর বয়সের শিশুদের ভর্তির ব্যবস্থা সম্বলিত প্রত্যক্ষ ব্যবস্থাধীনে অথবা কোন স্থানীয় সংস্থার অধীন বিনা ব্যয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে প্রাথমিক ও উচ্চতর পর্যায়ের কোন স্কুল থাকিলে এবং অনুরূপ স্কুল শ্রমিকদের বসবাসের স্থান হইতে দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত হইলে মালিক পৃথক বিদ্যালয় প্রতিষ্ঠা না করিলেও চলিবে:

(ঙ) মালিকগণ যৌথভাবে শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয় প্রতিষ্ঠা করিতে পারিবেন;

(চ) বিদ্যালয়ের শিক্ষাদানের কারিকুলাম, কোর্সের মেয়াদ, মান এবং সিলেবাস অনুরূপ বিদ্যালয় যে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এখতিয়ারাধীন সেই বোর্ডের কারিকুলাম, কোর্সের মেয়াদ, মান এবং সিলেবাস অনুযায়ী হইবে।

৫। শিশু সদন (Creches):

(ক) প্রত্যেক চা-বাগানে শ্রমিকদের অন্যূন ছয় বৎসরের সন্তানদের ব্যবহারের জন্য যথোপযুক্ত কক্ষ থাকিবে;

(খ) অনুরূপ কক্ষে পর্যাপ্ত স্থান সংকুলানের ব্যবস্থাসহ প্রচুর বায়ু চলাচলের ব্যবস্থা থাকিবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করিতে হইবে এবং উহা শিশুদের রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ মহিলার তত্ত্বাবধানে রাখিতে হইবে এবং উক্ত কক্ষ এইরূপ মানসম্মত হইতে হইবে যাহাতে-

(অ) সেখানে আনীত শিশুরা আরামের সহিত অবস্থান করিতে পারে;

(আ) বিরূপ আবহাওয়া হইতে সুরক্ষা করিবার কার্যকর ব্যবস্থা এবং প্রয়োজনবোধে পাখার ব্যবস্থা থাকে;

(ই) শৌচাগারের সুব্যবস্থা, প্রক্ষালণ সুবিধা ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকে;

(গ) মালিক অনুরূপ শিশুদের জন্য প্রত্যহ বিনামূল্যে দুধ বা নাস্তার ব্যবস্থা করিবেন; এবং

(ঘ) অনুরূপ শিশুদের ব্যবহারের জন্য মালিক উপযুক্ত খেলনা ও আসবাবপত্রের ব্যবস্থা করিবেন।

৬। চিকিৎসার সুযোগ (Medical facilities):

(১) ইনডোর ও আউটডোর চিকিৎসা ব্যবস্থা:

(ক) প্রত্যেক চা বাগানে কাজে নিযুক্ত শ্রমিকদের ও পরিবারবর্গের ইনডোর ও আউটডোর চিকিৎসার সুযোগ থাকিতে হইবে এবং এই উদ্দেশ্যে নির্ধারিত পদ্ধতিতে হাসপাতাল বা ডিসপেনসারী প্রতিষ্ঠা করিতে হইবে:

(খ) জরুরি অবস্থায় শ্রমিকরা তাহাদের বাড়ীতে চিকিৎসার সুযোগ পাইবেন এবং শ্রমিকদের চিকিৎসার জন্য উক্ত হাসপাতাল বা ডিসপেনসারীতে নিযুক্ত চিকিৎসক অনুরূপ অবস্থায় শ্রমিকের বাড়ীতে যাইয়া চিকিৎসা করিবেন।

(২) বাগানের হাসপাতাল (Garden hospital):

(ক) যেসব বাগানে ৪০০ জনের কম শ্রমিক নিযুক্ত রহিয়াছেন এইরূপ প্রত্যেক বাগানে মহাপরিদর্শকের অনুমতি সাপেক্ষে একজন সার্বক্ষণিক মেডিক্যাল এসিস্ট্যান্ট ও একজন প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীর তত্ত্বাবধানে ডিসপেনসারী থাকিতে হইবে এবং উক্ত ডিসপেনসারীতে মহাপরিদর্শকের অনুমোদিত নির্দিষ্ট সংখ্যক শয্যা থাকিতে হইবে:

তবে শর্ত থাকে যে, কোন মেডিক্যাল স্টাফ না পাইলে মালিক মহাপরির্দশকের অনুমোদন সাপেক্ষে একজন সার্বক্ষণিক যোগ্য কম্পাউন্ডার নিয়োগ করিবেন:

আরও শর্ত থাকে যে, নিকটবর্তী বাগানের হাসপাতালের যোগ্য চিকিৎসক দ্বারা উক্ত ডিসপেনসারী সপ্তাহে অন্তত একবার ভিজিট করাইতে হইবে;

(খ) ৪০০ জনের অধিক শ্রমিক নিয়োগকারী অথবা ৪০০ একর জমিতে বাগান করিয়াছেন এইরূপ বাগানে একটি ক্লিনিক বা হাসপাতাল প্রতিষ্ঠা করিতে হইবে এবং অনুরূপ প্রতিটি ক্লিনিক বা হাসপাতালে শ্রমিকদের দিবা-রাত্র চিকিৎসা সেবা প্রদানের জন্য নিম্নবর্ণিত মেডিক্যাল স্টাফ থাকিতে হইবে, যথা:-

(১) প্রতি ৪০১ হইতে ৭৫০ জন শ্রমিকের জন্য একজন যোগ্যতাসম্পন্ন মেডিক্যাল স্টাফ অথবা প্রশিক্ষণপ্রাপ্ত একজন ডাক্তার;

(২) প্রতি ৭৫১ হইতে ১.৫০০ শ্রমিকের জন্য এম.বি.বি.এস ডিগ্রিধারী একজন সার্বক্ষণিক ডাক্তার:

(৩) প্রতি ৭০০ শ্রমিকের জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স অথবা যোগ্যতাসম্পন্ন ড্রেসার;

(8) প্রতি ১,৫০০ শ্রমিকের জন্য একজন যোগ্য কম্পাউন্ডার; এবং

(৫) প্রতি ১,৫০০ শ্রমিকের জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী:

তবে শর্ত থাকে যে, এই বিধিমালা প্রবর্তনের পূর্বে কোন বাগানের কাজে নিযুক্ত মেডিক্যাল স্টাফ যোগ্যতাসম্পন্ন না হইলেও বয়সের সীমা উত্তীর্ণ না হওয়া পর্যন্ত চাকরিতে বহাল থাকিবেন:

আরও শর্ত থাকে যে, একাধিক চিকিৎসক নিয়োগের বিধান যেখানে রহিয়াছে সেইখানে অন্ততপক্ষে একজন মহিলা চিকিৎসক নিয়োগের চেষ্টা করিতে হইবে;

(গ) প্রত্যেক বাগান, ক্লিনিক বা হাসপাতালে কমপক্ষে ৪টি শয্যা রাখিতে হইবে:

(ঘ) বাগানে নিযুক্ত ৪০০ শ্রমিকের অতিরিক্ত প্রতি ১০০ জন শ্রমিকের জন্য ১ টি হারে শয্যা সংখ্যা বাড়াইতে হইবে এবং প্রতিটি শয্যার জন্য মেঝে আয়তনের কমপক্ষে ষাট বর্গফুট জায়গা বরাদ্দ করিতে হইবে, তবে জরুরি অবস্থার ক্ষেত্রে মালিক, মহাপরিদর্শককে অবগত করিয়া মেঝের আয়তনের বিধান শিথিল করিতে পারিবেন;

(ঙ) বাগান-ক্লিনিক বা হাসপাতালে নিম্নরূপ ব্যবস্থা থাকিতে হইবে, যথা:-

(১) পুরুষদের জন্য সাধারণ ওয়ার্ড;

(২) মহিলাদের জন্য সাধারণ ওয়ার্ড;

(৩) একটি পৃথক প্রসব কক্ষ;

(8) সংক্রামক ব্যাধিতে আক্রান্ত শ্রমিকদের জন্য পৃথক প্রক্ষালণ ও শৌচাগারসহ একটি ওয়ার্ড;

(৫) বহির্বিভাগের রোগীদের জন্য ঘেরাও করা বসার জায়গাসহ পৃথক বিভাগ যাহা সাধারণ ওয়ার্ড হইতে আলাদা হইলে ভাল হয়;

(৬) রোগীদের পরীক্ষার গোপনীয়তা রক্ষার্থে পৃথক কক্ষ;

(৭) ছোটখাটো অস্ত্রোপচার ও ড্রেসিং কক্ষ;

(৮) ডিসপেনসারী ঔষধ রাখিবার স্টোর;

(৯) পরিষ্কার-পরিচ্ছন্ন রান্না ঘর এবং উপযুক্ত ধৌতাগারের ব্যবস্থা:

(১০) স্টাফ কোয়ার্টার:

(১১) ক্লিনিক্যাল ল্যাবরেটরী;

(১২) এক্স-রে বিভাগ; এবং

(১৩) ফিজিক্যাল থেরাপি বিভাগ:

তবে শর্ত থাকে যে, মালিক যদি মহাপরিদর্শকের অনুমোদিত অন্য কোন হাসপাতালে সন্তোষজনক ব্যবস্থা করিতে পারেন তাহা হইলে এক্স-রে ও ফিজিক্যাল থেরাপী বিভাগ না থাকিলেও চলিবে।

(৩) চা-বাগানের গ্রুপ হাসপাতাল (Group Hospital):

          (ক) মালিকগণ কর্তৃক যৌথভাবে গ্রুপ হাসপাতাল প্রতিষ্ঠা করা যাইতে পারে

(খ) গ্রুপ হাসপাতালের পরিকল্পনা এবং নকশা মহাপরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে:

(গ) গ্রুপ হাসপাতালের বেড সংখ্যা দফা (২) এর অনুরূপ হইতে হইবে:

তবে শর্ত থাকে যে, বেডের সংখ্যা মহাপরিদর্শক নির্ধারণ করিতে পারিবে;

(ঘ) গ্রুপ হাসপাতালে নিম্নবর্ণিত ব্যবস্থা থাকিতে হইবে, যথা:-

(১) পুরুষদের জন্য একটি সাধারণ ওয়ার্ড;

(২) মহিলাদের জন্য একটি সাধারণ ওয়ার্ড;

(৩) পৃথক প্রসব কক্ষসহ মেটার্নিটি ওয়ার্ড;

(8) বহির্বিভাগীয় রোগীদের জন্য ঘেরাও দেওয়া বসার জায়গাসহ আলাদা বিভাগ যাহা সাধারণ বিভাগ হইতে আলাদা হইলে ভাল হয়;

(৫) রোগীদের পরীক্ষার গোপনীয়তা রক্ষার্থে পৃথক কক্ষ;

(৬) ডিসপেনসারী ও ঔষধ রাখিবার ষ্টোর;

(৭) অস্ত্রোপাচার কক্ষ;

(৮) এক্স-রে বিভাগ:

(৯) ফিজিক্যাল থেরাপী বিভাগ;

(১০) দন্ত চিকিৎসা বিভাগ;

(১১) টি.বি এবং ভি.ডি ক্লিনিক;

(১২) ক্লিনিক্যাল ল্যাবরেটরী;

(১৩) মশা-মাছি ঢুকতে পারে না সেভাবে নির্মিত রান্নাঘর ও লন্ড্রী;

(১৪) স্টাফ কোয়ার্টার;

(১৫) মৃতদেহ রক্ষণাবেক্ষণ ও ময়না তদন্তের কক্ষ:

তবে শর্ত থাকে যে, মালিকগণ মহাপরিদর্শকের অনুমোদনক্রমে অন্য কোন হাসপাতালে পৃথক ব্যবস্থা করিতে হইলে এক্স-রে এবং ফিজিক্যাল থেরাপী বিভাগ না থাকিলেও চলিবে।

(ঙ) প্রত্যেক গ্রুপ হাসপাতালে মহাপরিদর্শক কর্তৃক নির্ধারিত উপযুক্ত সংখ্যক চিকিৎসক ও অন্যান্য ব্যবস্থা থাকিতে হইবে এবং গ্রুপ হাসপাতালের সব ডাক্তারকে স্বীকৃত মেডিক্যাল ডিগ্রিধারী হইতে হইবে;

(চ) একটি গ্রুপ হাসপাতালে বেড সংখ্যা একশ’র অধিক হইলে প্রতি দশটি বেডের জন্য ন্যূনতম দুইজন নার্স রাখিতে হইবে;

(ছ) প্রত্যেক বাগানে ও গ্রুপ হাসপাতালে যথাযথ সরঞ্জামযুক্ত একটি এ্যাম্বুলেন্স থাকিতে হইবে;

(জ) মালিকগণ গ্রুপ হাসপাতালে যোগদান করিলে মহাপরিদর্শক তাহাদেরকে দফা (২) এর বিধান হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন।

(8) যন্ত্রপাতি ও ঔষধ (equipment and drugs):

স্বাস্থ্য অধিদপ্তরের সহিত আলোচনাক্রমে মহাপরিদর্শক যাহা নির্ধারণ করিবেন অনুরূপ সরঞ্জাম, ইনজেকশন, ঔষধ ও যন্ত্রপাতির ব্যবস্থা প্রতি ডিসপেনসারীতে, বাগানের হাসপাতালে ও গ্রুপ হাসপাতালে থাকিতে হইবে।

(৫) মেডিক্যাল রেকর্ড (medical records):

প্রত্যেক ডিসপেনসারী, বাগানের হাসপাতাল ও হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিক্যাল অফিসার সেখানে চিকিৎসাধীন বা চিকিৎসাপ্রাপ্ত প্রত্যেক রোগীর জন্য মেডিক্যাল রেকর্ড সংরক্ষণ করিবেন।

(৬) বার্ষিক রিটার্ন:

স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা সংক্রান্ত বার্ষিক রিটার্ন ফরম-৮১ (ঝ) অনুযায়ী প্রেরণ করিতে হইবে।

৭। চা-বাগানে গৃহায়ণ সুবিধা:

(১) চা-বাগান শ্রমিকদের গৃহায়ণ ব্যবস্থা:

(ক) প্রত্যেক মালিক তাহার প্রতিটি শ্রমিকের ও তাহার পরিবারের বসবাসের জন্যে বিনামূল্যে বাসগৃহের ব্যবস্থা করিবেন;

(খ) উক্ত গৃহ শ্রমিকের কার্যস্থলের যতদূর সম্ভব কাছাকাছি শুষ্ক স্থানে নির্মাণ করিতে হইবে এবং সেখানে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করিতে হইবে:

(গ) এইসব গৃহ বিল ও জলাভূমি হইতে নিরাপদ দূরত্বে এবং বন্যার পানি যেন প্রবেশ করিতে না পারে এইরূপ উঁচু স্থানে নির্মাণ করিতে হইবে;

(ঘ) প্রতি বৎসর বসবাসকারী শ্রমিকের শতকরা অন্তত দশ ভাগ শ্রমিকের জন্য অনুরূপ ‘মিতিঙ্গা টাইপ’ গৃহ নির্মাণ করিতে হইবে;

(ঙ) মালিক কর্তৃক প্রদত্ত আবাসিক সুবিধার বিনিময়ে শ্রমিকের কোন ভাড়া বা কোন মূল্য প্রদেয় হইবে না;

(চ) লিখিতভাবে রেকর্ডকৃত সন্তোষজনক কারণে মহাপরিদর্শকের মতামতের ভিত্তিতে সরকার নির্দিষ্ট শতাংশ সংখ্যক শ্রমিকদের জন্যে ‘মিতিঙ্গা টাইপ’ গৃহ নির্মাণের বিধান শিথিল করিতে পারিবে:

(ছ) প্রত্যেক শ্রমিকের গৃহ সংস্থানের পরিকল্পনা, দুই কপি করিয়া, মহাপরিদর্শকের অনুমোদনের জন্য দাখিল করিতে হইবে এবং উক্ত পরিকল্পনায় নিম্নবর্ণিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকিতে হইবে, যথা:

(অ) কত দিনের মধ্যে গৃহ সংস্থানের ব্যবস্থা করা হইবে উহার বিবরণ;

(আ) কমপক্ষে ৩২ বর্গমিটার পোতা (মেঝে) মাপের জায়গায় “মিতিঙ্গা টাইপ” বিশিষ্ট ঘরের ডিজাইন।

(ই) শ্রমিকদের গৃহ বরাদ্দ এবং শ্রমিকগণ কর্তৃক উহা দখল গ্রহণ করিবার নিয়ম বা পদ্ধতি। এবং

(ঈ) বৈদ্যুতিক আলো ও পানি সরবরাহের ব্যবস্থাসহ শ্রমিক কলোনীর স্থান ও ঘরের নকশা।

(২) আবাসিক এলাকায় পানীয় জলের সুবিধা:

(ক) মালিক সামগ্রিক পানীয় জলের সু-ব্যবস্থার উদ্দেশ্যে পানীয় জলের জন্য অন্তত:পক্ষে ২৫ পরিবারের জন্য একটি করিয়া টিউবওয়েল বা ঢাকনাযুক্ত পাকা কুয়ার ব্যবস্থা রাখিবেন:

(খ) কুয়াতে দুটি হস্তচালিত পাম্প থাকিতে হইবে এবং অনুরূপ একটি পাকা কুয়া শ্রমিক কলোনীতে বসবাসকারী প্রতি পঞ্চাশটি পরিবারের জন্য থাকিতে হইবে;

(গ) পানি এবং উহা তুলিবার পাত্রসমূহ জীবাণুমুক্ত রাখিবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে হইবে;

(ঘ) যেসব খোলা কুয়া বা জলাধার পানীয়জলের জন্য ব্যবহৃত হয় উহা এমনভাবে সংরক্ষণ করিতে হইবে যাহাতে উক্ত পানি দূষিত হইতে না পারে:

(ঙ) যে জায়গায় শ্রমিকদের পানীয় জল সরবরাহ করা হয় উহার চারপাশের এলাকা স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখিতে হইবে।

(চ) পরিদর্শক শ্রমিকদের সরবরাহকৃত পানীয়জল ব্যবহারের উপযুক্ত কিনা সে সম্পর্কে সরকারের জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নিকট হইতে প্রতিবেদন সংগ্রহের জন্য মালিককে লিখিত নির্দেশ প্রদান করিতে পারিবেন।

(৩) চা-বাগান শ্রমিকের আবাসস্থান রক্ষণাবেক্ষণ:

চা-বাগানের মালিক নিজ খরচে-

(ক) বাসগৃহ উপযুক্ত এবং নিরাপদ রাখিবার জন্য মাঝেমধ্যে গৃহসমূহের প্রয়োজনীয় মেরামত এবং সুষ্ঠু রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করিবেন:

(খ) যে এলাকায় আবাসিক গৃহসমূহ নির্মিত হইয়াছে সেইখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করিবেন: এবং

(গ) আবাসিক এলাকায় গমনাগমনের পথসমূহ এবং মলমূত্র নিষ্কাশনের ও পয়ঃপ্রণালী ব্যবস্থা যথাযথভাবে সংরক্ষণ করিবেন।

(8) বাগান শ্রমিকের আবাসস্থল দখলে রাখিবার শর্ত:

(ক) কোন শ্রমিক, যাহাকে বাড়ি বরাদ্দ প্রদান করা হইয়াছে, তিনি-

(অ) অননুমোদিতভাবে গৃহের কোন অংশে কোনরূপ পরিবর্তন করিবেন না।

(আ) মালিকের লিখিত অনুমতি ব্যতীত কোন বাড়ির আবাসিক সুবিধা হস্তান্তর, বিনিময় বা ভাগাভাগি করিবেন না;

(ই) বাড়ি বা উহার কোন অংশ অন্য কোন ব্যক্তির নিকট সাব-লেট প্রদান করিবেন না।

(ঈ) বসবাসের ঘরে বা ঘরের বারান্দায় কোন গবাদিপশু রাখিতে। পারিবেন না; এবং

(উ) চা বাগানের জমিতে কোনরূপ নির্মাণ কাজ করিতে পারিবেন না।

(খ) শ্রমিক মালিক কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করিবেন, গৃহ ও সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখিবেন এবং খাবার পানির অপচয় করিবেন না।

(৫) প্রক্ষালন কক্ষ:

(ক) প্রত্যেক মালিক যে সকল শ্রমিককে আবাসিক সুবিধা প্রদান করা হইয়াছে তাহাদের পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য পর্যাপ্ত সংখ্যক শৌচাগারের ব্যবস্থা রাখিবেন,

(খ) শ্রমিকের পরিবারের সদস্যগণ শৌচাগারগুলি সহজে ব্যবহার করিতে পারে এইরূপ সুবিধাজনক স্থানে স্থাপন করিতে হইবে।

(গ) প্রতিটি শৌচাগার আবরণযুক্ত হইতে হইবে এবং প্রয়োজনীয় দরজাসহ দরজা আটকানোর ব্যবস্থা থাকিতে হইবে।

(৬) আবাসস্থল খালি করা।

(ক) কোন শ্রমিক ছাঁটাই বা কর্মচ্যূত হইলে ৬০ (ষাট) দিনের মধ্যে মালিক কর্তৃক বরাদ্দকৃত আবাসস্থল ছাড়িয়া দিবেন;

(খ) কোন শ্রমিক মৃত্যুবরণ করিলে বা অবসরপ্রাপ্ত হইলে তাহার পরিবার উক্ত বরাদ্দকৃত আবাসস্থল ৩ (তিন) মাস নিজেদের দখলে রাখিতে পারিবেন এবং কর্তৃপক্ষকে অবহিত করিয়া উক্ত বাসস্থান ব্যবহার করিতে পারিবেন।

তবে শর্ত থাকে যে, উক্ত মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের মধ্যে কেউ একই বাগানের কর্মচারী হইলে উক্ত বাসস্থান দখলে রাখিতে পারিবেন।

(গ) কোন শ্রমিক পদত্যাগ করিলে পদত্যাগের ২ (দুই) মাসের মধ্যে আবাসস্থল ছাড়িয়া দিবেন;

(ঘ) শ্রমিক চাকরি হইতে বরখাস্ত বা অপসারিত হইলে ৬০ (ষাট) দিনের মধ্যে মালিক কর্তৃক প্রদত্ত আবাসস্থল ছাড়িয়া দিবেন;

(ঙ) পদত্যাগকারী বা বরখাস্ত বা অপসারিত শ্রমিকের পরিবারের সদস্যদের মধ্যে কেউ একই বাগানের কর্মচারী হইলে উক্ত বাসস্থান দখলে রাখিতে পারিবেন এবং কর্তৃপক্ষকে অবহিত করিয়া উক্ত বাসস্থান ব্যবহার করিতে পারিবেন।

৮। চা-বাগান শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ:

ধারা ৯৭ অনুযায়ী শ্রমিকগণ যাহাতে সহজে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পাইতে পারেন তজ্জন্য প্রত্যেক মালিক শ্রমিক প্রতিনিধির সহিত আলোচনাক্রমে স্বীয় বাগানে ভোগ্যপণ্যের সমবায় স্টোর প্রতিষ্ঠা করিতে উৎসাহ প্রদান করিবেন

৯। প্রচলিত প্রথা ও সুযোগ-সুবিধা:

চা-বাগানে দীর্ঘদিনের প্রচলিত প্রথা ও সুযোগ-সুবিধা অব্যাহত থাকিবে।

১০। অসুবিধা দূরীকরণ:

এই তফসিলে বর্ণিত বিধানসমূহ কার্যকরকরণে কোন অসুবিধা দেখা দিলে মালিক লিখিতভাবে মহাপরিদর্শককে অবহিত করিবেন এবং এই বিষয়ে মহাপরিদর্শকের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!