(১) সরকার কর্তৃক স্থাপিত বা সরকারের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত শিল্প সম্পর্ক শিক্ষায়তনসমূহ এই আইনের উপর প্রশিক্ষণ কোর্স পরিচালনা করিবে।
(২) কোন প্রতিষ্ঠানের মালিক অথবা তৎকর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা ও শ্রমিক শিল্প সম্পর্ক শিক্ষায়তন কর্তৃক আহত হইলে উক্তরূপ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করিতে পারিবেন।
(৩) শিল্প সম্পর্ক শিক্ষায়তনসমূহ প্রশিক্ষণ কোর্স পরিচালনার নিমিত্ত ৪ (চার) সপ্তাহ, ১ (এক) সপ্তাহ, ২ (দুই) দিন, ১ (এক) দিন মেয়াদে বা সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিগণের সহিত আলোচনাক্রমে মহাপরিচালক কর্তৃক নির্ধারিত অন্য কোন মেয়াদে আইন ও বিধিমালার উপর যেকোনো ধরনের প্রশিক্ষণ কোর্স পরিচালনা করিতে পারিবে।
(৪) উপ-বিধি (৩) এ উল্লিখিত কেবল ১ (এক) দিন ও ২ (দুই) দিন মেয়াদি প্রশিক্ষণের ক্ষেত্রে শিল্প সম্পর্ক শিক্ষায়তনসমূহ আইন ও বিধির বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করিতে পারিবে।
(৫) অধিক্ষেত্রাধীন শিল্প সম্পর্ক শিক্ষায়তন কর্তৃক আইন ও বিধিমালা বা উহার কোনো সুনির্দিষ্ট বিষয়ে পরিচালিত বৎসরে অন্তত একটি প্রশিক্ষণ কোর্সে কলকারখানা ও প্রতিষ্ঠানসমূহ এবং ট্রেড ইউনিয়ন ও মালিক সমিতিসমূহ অংশগ্রহণ করিতে পারিবে।
(৬) বিদ্যামান আইনের আলোকে গঠিত সেইফটি কমিটি ও অংশগ্রহণকারী কমিটির সদস্যগণ বৎসরে অন্তত একবার সংশ্লিষ্ট বিষয়ে অধিক্ষেত্রাধীন শিল্প সম্পর্ক শিক্ষায়তন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণ করিতে পারিবেন এবং এই মর্মে শিল্প সম্পর্ক শিক্ষায়তন প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন গ্রহণ করিবেন।
(৭) মহাপরিচালক মালিক সংগঠনের সহিত আলোচনাপূর্বক যেকোনো প্রশিক্ষণ কোর্সের ব্যয়ের আনুপাতিক হার নির্ধারণ করিবেন।
(৮) শিল্প সম্পর্ক শিক্ষায়তন কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারের আইন দ্বারা প্রতিষ্ঠিত যেকোনো শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ডের অনুমতি সাপেক্ষে ‘ডিপ্লোমা ইন লেবার ম্যানেজমেন্ট এবং লেবার এডমিনিস্ট্রেশন’ বিষয়ক ডিপ্লোমা কোর্স চালু করিতে পারিবে।