(১) সাধারণত ট্রাস্টি বোর্ডের সভা প্রতি ২ (দুই) মাসে অন্তত একবার অনুষ্ঠিত হইবে।
(২) চেয়ারম্যানের সহিত আলোচনাক্রমে নিয়ন্ত্রক ট্রাস্টি বোর্ডের প্রতিটি সভার তারিখ, স্থান ও সময় নির্ধারণ করিবেন এবং উক্ত তারিখের অন্তত ১৪ (চৌদ্দ) দিন পূর্বে ‘আলোচ্য সূচি’সহ সভার নোটিস প্রত্যেক ট্রাস্টির ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে বা নির্ভরযোগ্য সম্ভাব্য অন্য কোন মাধ্যমে প্রেরণ করিবেন, তবে জরুরি সভার ক্ষেত্রে ৭ (সাত) দিনের নোটিশে সভা আহবান করা যাইবে।
(৩) উপ-বিধি (২) এ যাহা কিছুই থাকুক না কেন, ট্রাস্টি বোর্ডের অন্যূন ৫ (পাঁচ) জন সদস্যের নিকট হইতে লিখিতভাবে রিকুইজিশন নোটিস প্রাপ্ত হইলে নিয়ন্ত্রক, চেয়ারম্যানের সহিত আলোচনাক্রমে, উক্ত নোটিস প্রাপ্তির ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে বোর্ডের সভা আহবান করিবেন।
(8) চেয়ারম্যান বোর্ডের প্রতিটি সভায় সভাপতিত্ব করিবেন এবং কোন সভায় চেয়ারম্যান অনুপস্থিত থাকিলে উপস্থিত ট্রাস্টিগণ তাহাদের মধ্য হইতে মালিক বা নিরপেক্ষ একজন সদস্যকে সভায় সভাপতিত্ব করিবার জন্য নির্বাচিত করিবেন এবং উক্তরূপে নির্বাচিত ট্রাস্টি সভায় চেয়ারম্যানের সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন।
(৫) তহবিল সম্পর্কিত সকল বিষয় বোর্ডের সভায় উত্থাপিত হইবে এবং সভায় উপস্থিত ট্রাস্টিদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হইবে এবং কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ট্রাস্টিগণ সমানভাবে দ্বিধাবিভক্ত হইয়া পড়িলে চেয়ারম্যানের মতামতের ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করা যাইবে।
(৬) কোন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ভোট গ্রহণের প্রয়োজন হইলে সেই ক্ষেত্রে হাত তুলিয়া ভোট দেওয়া যাইবে এবং উপস্থিত ট্রাস্টিদের সংখ্যাগরিষ্ঠ অংশ গোপন ব্যালটে ভোট গ্রহণের দাবি করিলে চেয়ারম্যান গোপন ব্যালটের ব্যবস্থা করিতে পারিবেন।