(১) ধারা ২৬৮(১) এর বিধান অনুসরণ করিয়া শিক্ষাধীন শ্রমিক ব্যতীত চা-বাগানের চাকরিতে এক বৎসর পূর্ণ করিয়াছে এমন প্রত্যেক শ্রমিককে ভবিষ্য তহবিলের সদস্য হইতে হইবে এবং সদস্য হইবার সময় সদস্যের ছবি ও নমিনীর ছবি নিয়ন্ত্রকের কার্যালয়ে দাখিল করিতে হইবে।
(২) কোন শ্রমিকের ভবিষ্য তহবিলের সদস্য হইবার বা সদস্যপদ অব্যাহত রাখিবার বিষয়ে অথবা সদস্য হইবার যোগ্যতা সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপিত হইলে সেই ক্ষেত্রে ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করিবে।
(৩) তহবিলের সদস্য হইবার যোগ্যতা অর্জনের ১৫ (পনের) দিনের মধ্যে মালিক সংশ্লিষ্ট শ্রমিককে তাহার মনোনীত ব্যক্তির নামসহ যাবতীয় তথ্য সরবরাহের জন্য নির্দেশ প্রদান করিবেন এবং উক্ত নির্দেশ প্রাপ্তির পরবর্তী ৫ (পাঁচ) কর্ম দিবসের মধ্যে সংশ্লিষ্ট শ্রমিক নির্ধারিত ফরমে তাহার তথ্যাবলি মালিকের নিকট দাখিল করিবেন, যাহা মালিক প্রাপ্ত হইবার ৫ (পাঁচ) দিনের মধ্যে সুপারিশসহ নিয়ন্ত্রকের নিকট প্রেরণ করিবেন:
তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে অনুরূপ শ্রমিক ইতিমধ্যেই তহবিলের সদস্য রহিয়াছে, সেই ক্ষেত্রে মালিক, উক্ত ব্যক্তির নিযুক্তির সাত দিনের মধ্যে নিয়ন্ত্রককে রেজিস্টার্ড ডাকযোগে পূর্বতন মালিকের নাম, হিসাব নম্বর এবং অন্যান্য বিবরণ অবহিত করিবেন এবং নিয়ন্ত্রকের নিকট হইতে উহার প্রাপ্তির প্রমাণ সংগ্রহ করিবেন।
(8) প্রত্যেক মালিক এই বিধিমালা কার্যকর হইবার তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে তহবিলের সদস্য হইবার যোগ্যতাসম্পন্ন প্রত্যেক শ্রমিক সম্পর্কে ফরম-৬৭ অনুযায়ী একটি রিটার্ণ নিয়ন্ত্রকের নিকট প্রেরণ করিবেন।