বিধি – তফসিল-৩ (জাহাজে এবং নদী ও সমুদ্র বন্দরের শ্রমিকদের নিরাপত্তা)

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

তফসিল-৩

[ধারা ৮৮ এবং বিধি ৭৫ দ্রষ্টব্য।

জাহাজে এবং নদী ও সমুদ্র বন্দরের শ্রমিকদের নিরাপত্তা

(ক) জাহাজে এবং নদী ও সমুদ্র বন্দরের শ্রমিকদের নিরাপত্তা:

(১) শ্রমিকগণের নিরাপত্তার ক্ষেত্রে ধারা ৮৮ এর প্রযোজ্যতা:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান, সমুদ্রগামী জাহাজ এবং এই জাতীয় নৌযানের চলাচল, যাত্রী পরিবহণ, মালামাল পরিবহন, ইত্যাদির জন্য ব্যবহৃত সড়ক, নদী ও সমুদ্র বন্দরের শ্রমিকগণের নিরাপত্তার ক্ষেত্রে Ports Act, 1908 (Act No. XV of 1908) এর অতিরিক্ত হিসাবে ধারা ৮৮ এর বিধান প্রযোজ্য হইবে।

(২) ধারা ৮৮ প্রয়োগের ক্ষেত্রে পরিদর্শকের ক্ষমতা:

(ক) মহাপরিদর্শক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন পরিদর্শক যেরূপ উপযুক্ত মনে করেন সেইরূপ সহায়তা নিয়া নিম্নরূপ কার্যক্রম করিতে পারিবেন, যথা:-

(অ) যে কোন ভবনে বা প্রাঙ্গনে বা যানবাহনে বা জাহাজে বা যেখানে কোন প্রক্রিয়া চালানো হয়, সেইখানে দিনের বেলায় বা রাত্রিকালে, যে কোন সময় প্রবেশ করিয়া তদন্ত, পরিদর্শন বা পরীক্ষা কাজ চালাইতে পারিবেন;

(আ) আইনের উদ্দেশ্য পূরণকল্পে যেরূপ উপযুক্ত মনে করেন সেইরূপ যে কোন প্রাঙ্গণে বা যানবাহনে বা জাহাজে বা প্রক্রিয়া অনুষ্ঠিত হয় এইরকম কোন স্থানে পরীক্ষা কাজ চালাইতে অথবা ইহাতে সংস্থাপিত বা ব্যবহৃত কোন স্থানে পরীক্ষা কার্য চালাইতে অথবা ইহাতে সংস্থাপিত বা ব্যবহৃত যে কোন যন্ত্রপাতি পরীক্ষা করিতে পারিবেন;

(ই) দফা ৮-১৯ এ বর্ণিত বিধানের সহিত সঙ্গতিপূর্ণ নয় এমন যে কোন যন্ত্রপাতির ব্যবহার নিষিদ্ধ করিতে পারিবেন: এবং

(ঈ) আইন বা এই দফার অধীন প্রয়োজনীয় যে কোন রেজিস্টার, সার্টিফিকেট, নোটিস বা দলিলপত্র তলব করিতে এবং উহা পরিদর্শন বা পরীক্ষা করিতে বা উহার অনুলিপি রাখিতে পারিবেন

(খ) যানবাহন, জাহাজ অথবা প্রাঙ্গন সম্পর্কিত বিষয়ে আইন ও এই বিধিমালা মোতাবেক ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে যে কোন যানবাহন, জাহাজ বা স্থানে প্রবেশ করিতে এবং তদন্ত বা পরীক্ষা চালানোর জন্য সংশ্লিষ্ট যানবাহন, জাহাজ বা স্থানের সাধারণ ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণের দায়িত্বে নিযুক্ত ব্যক্তিগণ অথবা ইহার মালিক বা চালক বা মাস্টার বা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা এজেন্ট পরিদর্শককে সব রকম পরিবহন (Transport) সুযোগ সুবিধা প্রদান করিবেন।

(৩) ধারা ৮৮ প্রয়োগের ক্ষেত্রে পরিদর্শকের দায়িত্ব (Duties of Inspectors):

(ক) পরিদর্শক যে কোন প্রাঙ্গন, যানবাহন বা জাহাজ পরিদর্শন করিবার সময় নিশ্চিত হইবেন যে, আইন এবং এই বিধিমালার বিধানসমূহ যথাযথভাবে পালন করা হইতেছে:

(খ) পরিদর্শকের যদি বিশ্বাস করিবার কারণ থাকে যে, উত্তোলক যন্ত্র বিকল হওয়া বা ইহার আকস্মিক পতনের জন্য অথবা আইন বা এই বিধিমালার যে কোন একটি বিধান প্রতিপালন না করিবার ফলে দুর্ঘটনা সংঘঠিত হইয়াছে তবে তিনি অনুরূপ দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত করিবেন;

(গ) পরিদর্শক প্রতিটি তদন্তের সময় পূর্ববর্তী তদন্তে উদঘাটিত ত্রুটি-বিচ্যুতি কতদূর সংশোধন করা হইয়াছে এবং পূর্বে প্রদত্ত নির্দেশ কতটা প্রতিপালিত হইয়াছে উহা নির্ধারণ করিবেন;

(ঘ) পরিদর্শক তাহার তদন্তের ফলাফল এবং তদন্তের সময় উদঘাটিত নূতন ত্রুটি-বিচ্যুতি এবং আইন বা এই বিধিমালা মোতাবেক তাহার প্রদত্ত নির্দেশ একটি রেজিস্টারে লিপিবদ্ধ করিবেন; এবং

(ঙ) পরিদর্শকের নির্দেশ ও মন্তব্যসহ তদন্তে উদঘাটিত নূতন ত্রুটি-বিচ্যুতি এবং রেকর্ডের সংক্ষিপ্ত বিবরণ প্রয়োজন মনে করিলে তিনি সংশ্লিষ্ট স্থান বা জাহাজের মালিক, মাস্টার, ভারপ্রাপ্ত কর্মকর্তা বা এজেন্টকে নোটিস আকারে প্রেরণ করিতে পারিবেন।

(8) বিপজ্জনক বিষাক্ত ধোঁয়া এবং অন্যান্য ক্ষতিকর বস্তুর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা:

(ক) উপযুক্ত কর্তৃপক্ষ (বিস্ফোরক অধিদপ্তরের ইন্সপেক্টর) কর্তৃক নিরাপত্তা-প্রত্যয়নপত্র প্রদান না করা পর্যন্ত কোন ব্যক্তিকে বিপজ্জনক উপাদান রহিয়াছে এমন স্থানে প্রবেশ করিতে দেওয়া যাইবে না;

(খ) ক্ষতিকর উপাদান হইতে শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার জন্য অন্য কোন ব্যবস্থা গ্রহণ করা সম্ভবপর না হইলে সেইসব ক্ষেত্রে শ্রমিকগণকে এইসব উপাদানের বিষক্রিয়া হইতে রক্ষার জন্য উপযুক্ত ব্যক্তিগত নিরাপত্তামূলক সাজ-সরঞ্জাম সরবরাহ করিতে হইবে এবং তাহাদের উহা ব্যবহারের প্রশিক্ষণও প্রদান করিতে হইবে; এবং

(গ) অনুচ্ছেদ (খ) অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তামূলক সরঞ্জাম সরবরাহ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব বার্থ অপারেটর, ঠিকাদার (Stevedore) বা মালিকের এবং যেখানে নিরাপত্তামূলক সরঞ্জামাদি দূষিত হইবার সম্ভাবনা রহিয়াছে, সেইখানে বার্থ অপারেটর, ঠিকাদার (Stevedore) বা মালিক বা বার্থ অপারেটর মালিককে উহা সম্পূর্ণ পৃথক জায়গায় সংরক্ষণের ব্যবস্থা করিতে হইবে।

(৫) শ্রমিকদের সহিত আলোচনা (Consultation with workers):

স্বাস্থ্যহানীর আশংকা নিয়ন্ত্রণের ব্যাপারে অবলম্বনীয় নিরাপত্তামূলক ব্যবস্থাদি গ্রহণ সম্পর্কে শ্রমিকদের সহযোগিতা লাভের উদ্দেশ্যে নিরাপত্তা কমিটি (Safety Comittee) অথবা শ্রমিক প্রতিনিধিদের সহিত যথাসম্ভব আলোচনা করিতে হইবে।

(৬) দায়িত্ব (Responsibilities):

কাজে ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতির দায়িত্ব বার্থ অপারেটর, ঠিকাদার (Stevedore) বা মালিকদের এবং যে সমস্ত জাহাজ বাংলাদেশে রেজিস্ট্রিকৃত নয় সেইসব জাহাজের মাস্টারদের দায়িত্ব হইবে দফা ৭-১৯ অনুসরণ করা।

(৭) যোগ্য ব্যক্তি (Competent person):

এই তফসিলের উদ্দেশ্য পূরণকল্পে যোগ্য ব্যক্তি বলিতে-

(ক) ফরম-৩০ অনুযায়ী মহাপরিদর্শক কর্তৃক অনুমোদিত কোন ব্যক্তি;

(খ) জাহাজে পরিবাহিত নয় এই ধরণের যন্ত্রপাতির ক্ষেত্রে মহাপরিদর্শকের অনুমোদনক্রমে বন্দর কর্তৃপক্ষ কর্তৃক তাহার পক্ষে নিযুক্ত যে কোন ব্যক্তি; এবং

(গ) জাহাজে পরিবাহিত যন্ত্রপাতির ক্ষেত্রে মহাপরিদর্শক কর্তৃক অনুমোদিত সংশ্লিষ্ট কারখানার একজন কর্মকর্তা, অথবা দফা ১০ (খ) এর উদ্দেশ্য ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের মনোনয়নের জন্য মহাপরিদর্শক কর্তৃক অনুমোদিত কোন কর্তৃপক্ষের দ্বারা মনোনীত একজন ব্যক্তি এবং বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে রেজিস্ট্রিকৃত জাহাজে পরিবাহিত যন্ত্রপাতির ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশন (১৯৩২) এর উদ্দেশ্য পূরণকল্পে সংশ্লিষ্ট দেশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবেন।

(৮) উত্তোলক যন্ত্রপাতি পরীক্ষা (Lifting machinery Examination):

(ক) সকল উত্তোলক যন্ত্রপাতি কাজে ব্যবহারের পূর্বে ফরম-৩১ অনুযায়ী এই তফসিলে বর্ণিত পদ্ধতিতে একজন যোগ্য ব্যক্তি দ্বারা প্রমানিক ওজন (Proof load) সহ পরীক্ষা করিতে হইবে;

(খ) সকল ডেরিক, ক্রেন, স্থায়ী এটাচমেন্ট ব্রিডেল চেইন, মাস্তুল, সকল লুজ গিয়ার ও ডেক প্রতি বার মাসে একবার পরীক্ষা (Visual Test) করিতে হইবে এবং প্রতি পাঁচ বৎসরে অন্তত একবার প্রমানিক ওজন (Proof load) সহ পরীক্ষা করিতে হইবে;

(গ) অন্যান্য যাবতীয় উত্তোলক যন্ত্রপাতি প্রতি বার মাসে অন্তত একবার পরীক্ষা (Visual Test) করিতে হইবে।

(ঘ) এই দফার উদ্দেশ্য পূরণকল্পে পরীক্ষা কার্য বলিতে চোখে দেখিয়া পরীক্ষা করাকে বুঝাইবে, তবে সংশ্লিষ্ট যন্ত্রাংশ নিরাপদ অবস্থায় রহিয়াছে কিনা উহা যাচাই করিবার জন্য অবস্থানুসারে হাতুড়ি ঠুকিয়া পরীক্ষা করা যাইবে এবং প্রয়োজনে যন্ত্রাংশ ও গিয়ার খুলিয়াও পরীক্ষা করা যাইবে।

(৯) বিশেষ ধরণের লুজ গিয়ার (Special type of loose gear):

(ক) নিম্নবর্ণিত শ্রেণির গিয়ারসমূহ বিশেষ ধরণের লুজ গিয়ার বলিয়া গণ্য হইবে, যথা:-

(অ) গলাইবার উপযোগী কাচা লোহায় নির্মিত চেইন;

(আ) প্লেট ও লিংক চেইন;

(ই) ইস্পাত নির্মিত চেইন যেমন- রিং, হুক, শিকল ও আংটা;

(ঈ) ঢালাই চেইন;

(উ) ঢালাই চেইন, পুলিব্লক ও পরিমাপ যন্ত্রের সহিত সংযুক্ত রিং হুক ও আংটা:

(ড) ক্রু-থ্রেড বা বল বিয়ারিং বা অন্যান্য মজবুত অংশ দ্বারা সংযুক্ত হুক ও আংটা; এবং

(ঊ) বোর্ডেক্স (Baurdax) সংযোগ।

(খ) অনুচ্ছেদ (ক)-তে বর্ণিত গিয়ার প্রতি মাসে অন্তত: ১ (এক) বার করিয়া একজন যোগ্য ব্যক্তি দ্বারা পরীক্ষা (Visual Test) করিতে হইবে।

(গ) জাহাজের উপর গিয়ার পরীক্ষার উদ্দেশ্যে জাহাজের মাস্টার বা চীফ অফিসার যোগ্য ব্যক্তি বলিয়া গণ্য হইবেন।

(ঘ) এই দফার উদ্দেশ্য পূরণকল্পে পরীক্ষা কার্য বলিতে চোখে দেখিয়া (Visual Test) পরীক্ষা করা এবং বিপদমুক্ত রহিয়াছে কিনা সেই সম্বন্ধে নিশ্চিত হইবার জন্য গিয়ারের যন্ত্রাংশ খুলিয়া পরীক্ষা কাজ চালানো যাইবে।

(১০) অন্যান্য লুজ গিয়ার (Other loose gear):

(ক) একজন যোগ্য ব্যক্তি দ্বারা ফরম-৩১ অনুযায়ী তফসিলে বর্ণিত পদ্ধতিতে পরীক্ষা না করিয়া উঠাইবার ও নামাইবার উদ্দেশ্যে কোন গ্রাব, চেইন, শ্লিং, হুক, শিকল, আংটা বা পুলি ব্লক ব্যবহার করা যাইবে না এবং প্রতি তিন মাস অন্তর উহা পরীক্ষা (Proof load) করিতে হইবে।

(খ) ব্রিডল চেইন ব্যতীত ডেরিক বা মাস্তুলের সহিত সংযুক্ত অন্যান্য চেইন এবং উঠাইবার ও নামাইবার কাজে ব্যবহৃত সমস্ত রিং, হুক, শিকল ও আংটা পরিদর্শক কর্তৃক পরীক্ষিত না হইয়া থাকিলে নিম্নবর্ণিত মেয়াদে একজন যোগ্য ব্যক্তির দ্বারা পরীক্ষা করিতে হইবে, যথা:-

(অ) সাধারণভাবে ব্যবহার্য আধ ইঞ্চি অপেক্ষা ছোট চেইন, রিং, হুক, শিকল ও আংটা প্রতি ছয় মাসে অন্তত একবার;

(আ) সাধারণভাবে ব্যবহার্য অন্যান্য সমস্ত চেইন, রিং, হুক, শিকল ও আংটা প্রতি বার মাসে অন্তত একবার;

তবে শর্ত থাকে যে, কেবল ক্রেন ও অন্যান্য উত্তোলক যন্ত্রে ব্যবহৃত ও সব হস্তচালিত গিয়ারের ক্ষেত্রে উপরি-উক্ত অনুচ্ছেদ (খ) এর উপ-অনুচ্ছেদ (অ) এর ছয় মাসের পরির্বতে বার মাস এবং উপ-অনুচ্ছেদ (আ) এর বার মাসের পরিবর্তে দুই বৎসর হইবে;

আরও শর্ত থাকে যে, শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হইবার পর পরিদর্শক প্রয়োজন মনে করিলে সরকারের অনুমোদন সাপেক্ষে বিশেষ আয়তনের ও ডিজাইনের বা বিশেষ শ্রেণিভুক্ত যে কোন গিয়ারকে, যা অনবরত ব্যবহার করা প্রয়োজন, লিখিত প্রত্যয়নপত্র প্রদান করিয়া ও উহাতে উল্লিখিত শর্তাধীনে এই তফসিলের পালনীয় বিধানের আওতা হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন;

(গ) মাস্তুল বা ডেরিকের সহিত সংযুক্ত ব্রিডল চেইন ব্যতীত অন্য যাবতীয় চেইন, রিং, শ্লিং, হুক, শিকল ও আংটা এবং সমস্ত পুলিব্লক পূর্ববর্তী তিন মাসের মধ্যে পরীক্ষিত না হইয়া থাকিলে কাজে ব্যবহারের পূর্বে অবশ্যই যোগ্য ব্যক্তির দ্বারা পরীক্ষা করিতে হইবে;

(ঘ) উঠাইবার ও নামাইবার কাজে ব্যবহৃত সমস্ত রিং, হুক, শিকল ও আংটা ঝালাই করিবার ফলে দৈর্ঘ্য বর্ধিত ও পরিবর্তিত হইলে বা উহা মেরামত করা হইলে পুনরায় কাজে ব্যবহারের পূর্বে একজন যোগ্য ব্যক্তির দ্বারা এই তফসিলে বর্ণিত পদ্ধতিতে আবার পরীক্ষা করিতে হইবে।

(১১) দড়ি (Ropes):

(ক) উঠাইবার বা নামাইবার কাজে কোন দড়ি ব্যবহার করা যাইবে না, যদি না-

(১) সেটি উৎকৃষ্টমানের এবং ত্রুটিমুক্ত হয়; এবং

(২) তারের দড়ির ক্ষেত্রে ফরম-৩১ অনুযায়ী এই তফসিলে বর্ণিত পদ্ধতিতে কোন যোগ্য ব্যক্তি দ্বারা যদি পরীক্ষা করানো না হয়।

(খ) উঠাইবার বা নামাইবার কাজে ব্যবহৃত সব তারের দড়ি প্রতি তিন মাসে অন্তত একবার একজন যোগ্য ব্যক্তির দ্বারা পরীক্ষা (Proof load test) করিতে হইবেঃ

তবে শর্ত থাকে যে, অনুরূপ দড়ির কোন তার ছিড়িয়া গেলে প্রতি একমাসে অন্তত একবার পরীক্ষা করিতে হইবে;

(গ) অর্ধ ইঞ্চি ব্যাসার্ধের কোন তারের দড়ির মোট তারের শতকরা দশ ভাগ ভাঙ্গিয়া গেলে অথবা দড়িটি দৃশ্যত অতিরিক্ত ক্ষয়প্রাপ্ত হইলে এবং পরীক্ষাকারী ব্যক্তি যদি সেইটিকে ব্যবহারের অনুপযোগী বলিয়া মনে করেন, তবে উঠাইবার বা নামাইবার কাজে উহা ব্যবহার করা যাইবে না;

(ঘ) কোন তারের দড়িতে টোপর বা ফাঁস তৈরি হইলে গর্তের চারপাশে অন্তত তিন ভাগ তার থাকিতে হইবে এবং দড়ির মাথায় উহা দৃঢ়ভাবে সংযুক্ত করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, অন্যভাবে নির্মিত টোপর বা ফাঁস যথেষ্ট মজবুত হইলে উহা ব্যবহারে এই তফসিলের কোন বিধান প্রতিবন্ধক হইবে না।

(১২) মেয়াদী পরীক্ষা-নিরীক্ষার রেজিস্টার (Register of periodicalexamination):

নিম্নবর্ণিত পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করিবার উদ্দেশ্যে ফরম-৩১(ক) অনুযায়ী একটি রেজিস্টার সংরক্ষণ করিতে হইবে, যথা:-

(ক) দফা (৮) এর অনুচ্ছেদ (খ) এর বিধান মোতাবেক বার্ষিক পরীক্ষা এবং পঞ্চবার্ষিক পরীক্ষা;

(খ) দফা (৮) এর অনুচ্ছেদ (গ) এর বিধান মোতাবেক বার্ষিক পরীক্ষা;

(গ) দফা (১৩) এর অনুচ্ছেদ (খ) এর উল্লিখিত পরীক্ষাসমূহ; এবং **

(ঘ) দফা (১৩) এর অনুচ্ছেদ (গ) এর বিধান অনুসারে ফরম-৩১ অনুযায়ী প্রণীত রেজিস্টারে প্রত্যয়নপত্র সংযুক্ত করা না হইয়া থাকিলে দফা (১০) এর অনুচ্ছেদ (খ) অনুসারে সমস্ত চেইন রিং, ইত্যাদি ঝালাই করা।

(১৩) যোগ্য ব্যক্তির প্রত্যয়নপত্র (Certificate of competent person):

(ক) নিম্নবর্ণিত বিষয় সম্পর্কিত প্রত্যয়নপত্রসমূহ ফরম-৩১(ক) অনুযায়ী প্রস্তুত করিতে হইবে এবং রেজিস্টারের সহিত সংযুক্ত রাখিতে হইবে, যথা:-

(১) দফা (৮) এর অনুচ্ছেদ (ক) এর বিধান মোতাবেক নিম্নবর্ণিত বিষয়সমূহের পরীক্ষা এবং যাচাইয়ের ফলাফল-

(অ) উইঞ্চ, ডেরিক এবং এতদসংশ্লিষ্ট গিয়ার ফরম-৩১ (খ) অনুযায়ী; এবং

(আ) ক্রেন বা উত্তোলক যন্ত্রের এবং এসবের সংশ্লিষ্ট গিয়ার ফরম-৩১(গ) অনুযায়ী;

(২) দফা (১০) এর অনুচ্ছেদ (ক) ও (ঘ) এর বিধান মোতাবেক চেইন, রিং, হুক, শিকল ও আংটা এবং সমস্ত পুলিব্লক পরীক্ষা ও পুন:পরীক্ষার ফলাফলের জন্য ফরম-৩১(ঘ) অনুযায়ী:

(৩) রদফা (১১) এর অনুচ্ছেদ (ক) এর বিধান মোতাবেক তারের দড়ির পরীক্ষার ফলাফলের জন্য ফরম-৩১(৬) অনুযায়ী;

(খ) দফা (১০) এর অনুচ্ছেদ (খ) এর বিধান মোতাবেক চেইন, ইত্যাদি ঝালাই করিবার প্রত্যয়নপত্র ফরম-৩১(খ) অনুযায়ী প্রণয়ন করিতে হইবে, এবং ফরম-৩১(ক) অনুযায়ী রেজিস্টারে প্রয়োজনীয় তথ্যাদি সন্নিবেশিত হইয়া না থাকিলে উহা রেজিস্টারে সংযোজন করিতে হইবে।

(গ) দফা (৯) এর বিধান মোতাবেক গিয়ারের বার্ষিক সামগ্রিক পরীক্ষার প্রত্যয়নপত্র ফরম-৩১ (চ) অনুযায়ী করিতে হইবে।

(১৪) রেজিস্টার ও প্রত্যয়নপত্র সংরক্ষণ ও উপস্থাপন (Maintenance and production of register and certificates):

রেজিস্টার এবং রেজিস্টারের সহিত সংযুক্ত প্রত্যয়নপত্রসমূহ-

(ক) পরিদর্শকের লিখিত নিদের্শ দ্বারা অন্য কোন স্থান অনুমোদন না করা পর্যন্ত প্রাঙ্গণে মজুদ রাখিতে হইবে;

(খ) চাহিবামাত্র পরিদর্শকের নিকট উপস্থাপন করিতে হইবে;

(গ) সর্বশেষ অন্তর্ভুক্তির তারিখ হইতে অন্তত ০৫ (পাঁচ) বৎসর সংরক্ষণ করিতে হইবে।

(১৫) রেজিস্টারে প্রয়োজনীয় অন্তর্ভুক্তি না করা পর্যন্ত যন্ত্রপাতি, ইত্যাদি ব্যবহার শুরু না করা: যেসব চেইন, দড়ি, গিয়ার সম্পর্কে ফরম-৩১(ক) অনুযায়ী রেজিস্টারে লিপিবদ্ধ করা প্রয়োজন অথবা যেগুলি সম্পর্কে অনুরূপ রেজিস্টারে প্রত্যয়নপত্র প্রস্তুত করা প্রয়োজন অথবা যেগুলি সম্পর্কে প্রত্যয়নপত্র প্রস্তুত করা প্রয়োজন, অনুরূপ লিপিবদ্ধকরণ বা প্রত্যয়নপত্র প্রস্তুত না হওয়া পর্যন্ত সেইগুলি কাজে ব্যবহার করা যাইবে না।

(১৬) পুলি ব্লক (Pully blocks): নিরাপদ বহন ক্ষমতার চিহ্ন অংকিত না হওয়া পর্যন্ত কোন পুলি ব্লক মালামাল উঠাইবার ও নামাইবার কাজে ব্যবহার করা যাইবে না।

(১৭) শিকল এবং ঝুলানো শ্লিং নিরাপদ ওজন (Safe working load of chains and slings):

(ক) এমন ব্যবস্থা রাখিতে হইবে যাহাতে চেইন বা দড়ি ব্যবহারকারী ব্যক্তি হাহার নিরাপদ বহন ক্ষমতা সম্পর্কে অবহিত হইতে পারেন;

(খ) অনুচ্ছেদ (ক) এর অধীন নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে, যথা:-

(অ) চেইন ও বন্ধনির ক্ষেত্রে, অংকে বা কথায় এমন শব্দ বা চিহ্ন বসাইতে হইবে যেন, উহা দেখিয়া ইহার নিরাপদ বহন ক্ষমতা সম্পর্কে ব্যবহারকারী সহজে অবহিত হইতে পারেন; এবং

(আ) উহার দড়ির বন্ধনির ক্ষেত্রে, অনুচ্ছেদ (ক)-তে বর্ণিত উপায়ে অথবা উহাতে এইরকম বিজ্ঞপ্তি প্রদর্শিত করিয়া রাখিতে হইবে যাহাতে ব্যবহারকারী ব্যক্তি সহজে পাঠোদ্ধার করিয়া উহার নিরাপদ বহন ক্ষমতা সম্পর্কে অবহিত হইতে পারেন।

(১৮) ক্রেনের নিরাপদ ওজন বহন ক্ষমতা (Safe working loads for cranes):

প্রত্যেক ক্রেনে ও ডেরিকে বোঝা বহনের নিরাপদ ক্ষমতা সুস্পষ্টভাবে চিহ্নিত থাকিতে হইবে এবং তীরে অবস্থিত ক্রেন যদি এমনভাবে নির্মিত হয় যে, উঠানামা করিবার সময় উহার ভার বহনের নিরাপদ ক্ষমতার তারতম্য ঘটে, তাহা হইলে নিরাপদ পরিমাণ সংক্রান্ত স্বয়ংক্রিয় নির্দেশক ইহাতে সংযুক্ত থাকিতে হইবে।

(১৯) কন্টেইনার উঠানামা করানো:

(ক) কন্টেইনার ও স্প্রেডার ব্যবহার করিবার পূর্বে সুপারভাইজার, ফোরম্যান বা অন্য কোন কর্তৃপক্ষ নিশ্চিত হইবেন যে উহা ভাল অবস্থায় রহিয়াছে;

(খ) সিঙ্গেল অথবা মাল্টিলেগ শ্লিং কন্টেইনার উঠাইবার ও নামাইবার কাজে ব্যবহার করা যাইবে না;

(গ) কন্টেইনার এবং স্প্রেডারের ওজন যাহাতে উত্তোলক যন্ত্রাদির নিরাপদ বহন ক্ষমতার অতিরিক্ত না হয় সেই দিকে লক্ষ্য রাখিতে হইবে;

(ঘ) সঠিকভাবে প্রশিক্ষণ প্রাপ্ত সংকেত দাতার তত্ত্বাবধানে উত্তোলক যন্ত্রপাতি ব্যবহার করিতে হইবে এবং কন্টেইনার উঠাইবার নামাইবার কাজে যখন ক্রেন অপারেটর সংকেত দাতাকে কোন কারণে দেখিতে না পান সেই সময় প্রয়োজনে ওয়াকিটকি ব্যবহার করিতে হইবে;

(ঙ) যখন কোন টেইলর হইতে কন্টেইনার উঠানো-নামানো হয় তখন প্রাইমওভারের কেবিনে কোন লোক থাকিতে পারিবে না;

(চ) কোন লোক কন্টেইনারের উপর দাঁড়াইবে না যখন-

(১) কন্টেইনার উঠানো এবং নামানো হয়; এবং

(২) উহার পাশে অন্য কন্টেইনার উঠাইবার বা নামাইবার কাজ চলে।

(ছ) যখন কোন ক্রেনের মাধ্যমে স্প্রেডার সংযুক্ত অবস্থায় কন্টেইনার তোলা হয় তখন উহার উপর কোন ব্যক্তি থাকিতে পারিবেন না;

(জ) যখন কন্টেইনারের উপরে উঠিবার জন্য কোন লেডার বা মই ব্যবহার হয়, সেই লেডার বা মই উত্তমভাবে নির্মিত হইতে হইবে এবং মইয়ের উভয় প্রান্ত শক্তভাবে আটকাইবার ব্যবস্থা থাকিতে হইবে;

(ঝ) যখন শ্রমিকেরা কন্টেইনারের উপর কাজ করে, তখন-

( ১)ইহা নিশ্চত হইতে হইবে যে, কন্টেইনারের উপরের অংশ শুকনা এবং পরিষ্কার রহিয়াছে;

(২) কন্টেইনার লোডিং আনলোডিং কাজ করিবার জন্য শ্রমিকদেরকে উত্তম এবং নিরাপদ সরঞ্জামাদির ব্যবস্থা রহিয়াছে।

(২০) দায়িত্ব (Responsibilities):

জাহাজের মালিক, মাস্টার, ভারপ্রাপ্ত কর্মকর্তা বা এজেন্টদের উপর দফা (২১) ও (২২) প্রতিপালনের দায়িত্ব ন্যস্ত থাকিবে।

(২১) উপকূল এবং জাহাজের মধ্যে আসা-যাওয়ার পথ (Access between shore and ship):

যদি কোন জাহাজ মাল বোঝাই করা বা খালাস করিবার জন্য কোন পোতাশ্রয় বা জেটিতে অপেক্ষমান থাকে তবে শ্রমিকদের উপকূল হইতে জাহাজে উঠা এবং জাহাজ হইতে উপকূলে নামিবার জন্য নিম্নবর্ণিত ব্যবস্থা রাখিতে হইবে, যথা:-

(ক) কমপক্ষে ২২ ইঞ্চি চওড়া ও দু’দিকে ২ ফুট ৯ ইঞ্চি উচ্চতাসম্পন্ন বেড়া সংযুক্ত মজবুত সিড়ি বা গ্যাংওয়ে থাকিতে হইবে:

তবে শর্ত থাকে যে, জাহাজের নিজস্ব সিড়ি সংযুক্ত থাকিলে এবং সিড়ির একদিক জাহাজ দ্বারা সংরক্ষিত হইলে কেবল অপর দিকে মজবুত দড়ির বেড়া থাকিলে চলিবে;

(খ) অন্যান্য ক্ষেত্রে এমনভাবে নির্মিত মজবুত মই বা সিড়ি সম্পূর্ণ বিপদমুক্ত অবস্থায় সংযুক্ত করিতে হইবে যাহাতে পা ফসকাইতে না পারে।

(২২) জাহাজি প্রক্রিয়ার জন্য আলোর ব্যবস্থা (Lighting for process on ship):

প্রক্রিয়া চলিবার সময় নিম্নবর্ণিত স্থানে জাহাজের ও মালপত্রের সমস্ত শ্রমিকের এবং অন্যান্য নৌযানের চলাচলে নিরাপত্তার প্রতি সঙ্গতি রাখিয়া পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখিতে হইবে-

(ক) ডেকের উপরে এবং জাহাজের অভ্যন্তরে যেখানে কাজ চলিতেছে; এবং

(খ) কাজ চলাকালে শ্রমিকদের গমনাগমন করা প্রয়োজন হইতে পারে জাহাজের এমন প্রতিটি স্থান।

(২৩) দুর্ঘটনা ও বিপজ্জনক ঘটনার রিপোর্ট প্রেরণ:

৬৯ বিধিতে উল্লিখিত পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দুর্ঘটনা ও বিপজ্জনক ঘটনার রিপোর্ট প্রেরণের দায়িত্ব মালিক, বার্থ অপারেটর, ঠিকাদার (Stevedore), বন্দর কর্তৃপক্ষ, এজেন্ট এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।

(২৪) যন্ত্রপাতি, ইত্যাদির জন্য মালিক, বার্থ অপারেটর ও ঠিকাদারের (Stevedore) দায়িত্ব:

কোন মালিক, বার্থ অপারেটর ও ঠিকাদার (Stevedore), শ্রমিককে দফা (৮) হইতে (১৯) এ উল্লিখিত বিষয়াদির সহিত সংগতিহীনভাবে কোন যন্ত্রপাতি বা গিয়ার ব্যবহারের অনুমতি দিবেন না।

(২৫) লাইসেন্স নবায়ন:

বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বার্থ অপারেটর, ঠিকাদার (Stevedore) ও এজেন্টের লাইসেন্স নবায়ন করিবার পূর্বে পরিদর্শকের নিকট হইতে তাহাদের শ্রমিক সেইফটি বা কমপ্লায়েন্স বাস্তবায়ন সম্পর্কে রিপোর্ট গ্রহণ করিবে এবং উহা বিবেচনায় রাখিয়া তাহাদের লাইসেন্স নবায়ন করিবে।

(খ) ভবন, সেতু এবং অন্যান্য স্থাপনা নির্মাণ ও ভাঙ্গিবার ক্ষেত্রে শ্রমিকগণের নিরাপত্তা:

ধারা ৮৮ এর উদ্দেশ্য পূরণকল্পে ভবন, সেতু এবং অন্যান্য স্থাপনা নির্মাণ ও ভাঙ্গিবার ক্ষেত্রে শ্রমিকগণের নিরাপত্তা নিশ্চতকরণের জন্য নিম্নবর্ণিত বিষয়াদি প্রতিপালন করিতে

হইবে, যথা:-

(১) কোন ভবন, সেতু বা অন্যান্য স্থাপনা নির্মাণ বা ভাঙ্গিবার ক্ষেত্রে উক্ত সাইটের ডেভেলপার বা প্রধান ঠিকাদারকে অবশ্যই বিএনবিসি (Bangladesh National Bulding Code) এর সপ্তম ভাগের ১ম হইতে ৪র্থ অধ্যায়ে বিধৃত নিরাপত্তা বিষয়ক নির্দেশনা ব্যতীত সার্বিক নিরাপত্তা নিম্নবর্ণিতভাবে নিশ্চিত করিতে হইবে, যথা:-

(ক) যেখানে নির্মাণ কাজ চলিতেছে সেইখানে ভবনের যে কোন প্রান্ত হইতে অনধিক ৩ মিটার নীচে ভবনের চারিপার্শ্বে যথেষ্ঠ মজবুত এবং নিরাপদ উপাদান বিশিষ্ট সেইফটি নেট (নিরাপদ জাল) স্থাপন করা হইয়াছে; এবং

(খ) পর্যাপ্ত পরিমাণ জায়গা বাদ দিয়া ভবনের চারিপার্শ্বে সেইফটি নেট (নিরাপদ জাল) স্থাপন করিতে হইবে যাহাতে সেইফটি নেট (নিরাপদ জাল) স্থাপনের মূল উদ্দেশ্য সাধিত হয়;

(২) নির্মাণ শ্রমিকদের সুরক্ষার নিমিত্ত উপর হইতে শক্তভাবে আটকানো উৎকৃষ্ট মানের ও ত্রুটিমুক্ত, শ্রমিকের ওজনের চাইতে দেড়গুণ ওজন বহন ক্ষমতাসম্পন্ন সেইফটি বেল্ট এবং সেইফটি লাইফ লাইন প্রদান করিতে হইবে যে ক্ষেত্রে কোন উচ্চ স্থান হইতে পড়িয়া যাইবার ঝুঁকি রহিয়াছে, সেই ক্ষেত্রে নির্মাণ শ্রমিকগণ সরবরাহকৃত সেইফটি বেল্ট এবং লাইফ লাইন ব্যবহার করিতে পারে;

(৩)যে সকল নির্মাণ শ্রমিকদের সেইফটি বেল্ট এবং লাইফ লাইন ব্যবহার করিতে হয় তাহাদের সকলকে এই নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের উপর পর্যাপ্ত প্রশিক্ষণ ও নির্দেশনা প্রদান করা হইয়াছে;

(8) সেইফটি কিট সেট, সেইফটি বেল্ট এবং লাইফ লাইনসমূহ ব্যবহার উপযোগী রাখিয়া যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়;

(৫) মেঝে ও ছাদসমূহের এবং কোন অভ্যন্তরীণ মেঝের সম্মুখভাগের সকল উন্মুক্ত কিনারার চারিপার্শ্বের খোলা অংশে কমপক্ষে ৯০০ মি:মি: উচ্চতাবিশিষ্ট রেলিং এবং কমপক্ষে ২০০ মি:মি: পুরুত্ববিশিষ্ট পাটাতন থাকিতে হইবে:

তবে শর্ত থাকে যে, প্রবেশ মুখের সিঁড়ির কোন পার্শ্ব উন্মুক্ত কিনারা হিসাবে গণ্য হইবে না।

(৬) সকল শ্রমিককে গ্লোভস, হেলমেট এবং বুট প্রদান করা হইয়াছে এবং কর্মকালীন অবস্থায় তাহারা উহা সবসময় ব্যবহার করেন:

(৭) ড্রিলিং, কাটিং বা ওয়েল্ডিংয়ের কাজে নিয়োজিত সকল শ্রমিককে সেইফটি গগলস (চশমা) প্রদান করা হইয়াছে এবং কর্মক্ষেত্রে কর্মকালীন অবস্থায় তাহারা উহা সর্বদা ব্যবহার করেন;

(৮) যেক্ষেত্রে মাঁচা ব্যবহারের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মাঁচা এবং উহার প্রতিটি অংশ মজবুতরূপে নির্মিত, ভাল উপাদানে তৈরি, ত্রুটিমুক্ত এবং যে ধরনের ব্যবহারের জন্য উহা তৈরি করা হইয়াছে তাহার জন্য নিরাপদ;

(গ) শ্রমিকের স্বাস্থ্য বা নিরাপত্তা সংক্রান্ত বিশেষ বিধান:

(১) সুনির্দিষ্টভাবে আইন বা এই বিধিমালায় উল্লিখিত হউক বা না হউক শ্রমিকের স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ বা ক্ষতিকর কোন কাজে যথাযথ সেইফটি ব্যবস্থা গ্রহণ না করিয়া শ্রমিক নিয়োগ করা হইয়াছে বলিয়া প্রমাণিত হইলে উহা আইনের লংঘনজনিত অপরাধ বলিয়া গণ্য হইবে।

(২) আইন বা এই বিধিমালায় উল্লিখিত হউক বা না হউক মহাপরিদর্শক বা সংশ্লিষ্ট কোন পরিদর্শক সার্বিক বিবেচনায় শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য প্রয়োজন মনে করিলে মালিককে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করিতে পারিবেন।

(৩) ধারা ৮৮(খ) এর উদ্দেশ্য পূরণকল্পে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন কোন ব্যক্তি বলিতে এতদসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত সরকারি কোন সংস্থা বা সরকার কর্তৃক স্বীকৃত কোন সিভিল ইঞ্জিনিয়ার বা কোন সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্মকে বুঝাইবে।

(8) যোগ্যতাসম্পন্ন ব্যক্তি কোন ভবনের দৃঢ় অবস্থা সম্পর্কে ফরম-৩২ অনুযায়ী প্রত্যয়নপত্র প্রদান করিবেন।

(৫) এই বিধিমালা কার্যকর হইবার পর নির্মিত কারখানার ক্ষেত্রে দফা (৪) এ উল্লিখিত প্রত্যয়নপত্র ব্যতীত মহাপরিদর্শক কোন ভবনে উৎপাদন প্রক্রিয়া চালানোর অনুমতি প্রদান করিবেন না।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!