(১) কোন প্রতিষ্ঠানে মহিলা নিযুক্ত থাকিলে মহিলার শালীনতা ও সম্ভ্রমের পরিপন্থি যৌন হয়রানি, অসৌজন্যমূলক আচরণ, অশ্লীল বা অভদ্রজনোচিত আচরণ করা যাইবে না।
ব্যাখ্যা। এই উপ-বিধির উদ্দেশ্য পূরণকল্পে, অশ্লীল বা অভদ্রজনোচিত আচরণ এবং যৌন হয়রানি বলিতে নিম্নবর্ণিত আচরণ অন্তর্ভুক্ত হইবে, যথা:-
(ক) অনাকাঙ্ক্ষিত যৌন আচরণ যেমন শারীরিক স্পর্শ বা অনুরূপ প্রচেষ্টা;
(খ) প্রাতিষ্ঠানিক এবং পেশাগত ক্ষমতা ব্যবহার করিয়া কাহারো সহিত যৌনসম্পর্ক স্থাপনের চেষ্টা;
(গ) যৌন হয়রানি বা নিপীড়নমূলক উক্তি;
(ঘ) যৌন সুযোগ লাভের জন্য অবৈধ প্রস্তাব;
(ঙ) পর্ণোগ্রাফি দেখানো;
(চ) যৌন আবেদনমূলক মন্তব্য বা ভঙ্গি;
(ছ) অশালীন ভঙ্গি, অশালীন ভাষা বা মন্তব্যের মাধ্যমে উত্যক্ত করা বা অশালীন উদ্দেশ্য পূরণে কোন ব্যক্তির অলক্ষ্যে তাহার নিকটবর্তী হওয়া বা অনুসরণ করা, যৌন ইঙ্গিতমূলক ভাষা ব্যবহার করিয়া ঠাট্টা বা উপহাস করা;
(জ) চিঠি, টেলিফোন, মোবাইল, এসএমএস, ছবি, নোটিশ, কার্টুন, চেয়ার-টেবিল, নোটিশ বোর্ড, অফিস বা বাথররুমের দেয়ালে যৌন ইঙ্গিতমূলক অপমানজনক কোন কিছু লেখা;
(ঝ) ব্লাকমেইল অথবা চরিত্র হননের উদ্দেশ্যে স্থির বা ভিডিও চিত্র ধারণ করা;
(ঞ) যৌন হয়রানির কারণে সাংস্কৃতিক বা প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকিতে বাধ্য করা;
(ট) প্রেম নিবেদন করিয়া প্রত্যাখাত হইয়া হুমকি দেওয়া বা চাপ প্রয়োগ করা:
(ঠ) ভয় দেখাইয়া বা মিথ্যা আশ্বাস দিয়া বা প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন বা স্থাপনে চেষ্টা করা।
(২) প্রতিটি কর্মক্ষেত্রে অন্যূন ৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে অভিযোগ কমিটি গঠন করিতে হইবে যাহার প্রধান হইবেন একজন নারী এবং কমিটিতে প্রতিষ্ঠানের মধ্য হইতে সংখ্যাগরিষ্ঠ নারী প্রতিনিধি থাকিবেন।
(৩) প্রতিষ্ঠান কর্তৃক যৌন হয়রানি প্রতিরোধে গাইডলাইন তৈরি করিতে হইবে এবং প্রতিষ্ঠানের সকল কর্মীদের উহা প্রদান করিতে হইবে এবং প্রতিটি কর্মক্ষেত্রে ১ (এক) টি করিয়া অভিযোগ বাক্স রাখিতে হইবে ও প্রাপ্ত অভিযোগসমূহ রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া নিষ্পত্তি করিতে হইবে।