সরকার নিম্নবর্ণিত সদস্যের সমন্বয়ে পরিচালনা বোর্ড গঠন করিবে, যথা:
(ক) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, পদাধিকারবলে, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;
(খ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে, যিনি ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন;
(গ) সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী সংশ্লিষ্ট রপ্তানিমুখী শিল্প সেক্টরের দুইটি মালিক এসোসিয়েশনের ২ (দুই) জন সভাপতি, পদাধিকারবলে, যাহারা ইহার ভাইস চেয়ারম্যানও হইবেন;
(ঘ) শ্রমিক ফেডারেশনের ১ (এক) জন প্রতিনিধি, যিনি ইহার ভাইস চেয়ারম্যানও হইবেন;
(ঙ) রপ্তানীমুখী শিল্প সেক্টরের মালিক সংগঠন কর্তৃক মনোনীত উহার ৩ (তিন) জন সদস্য;
(চ) শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, যাহারা পরিচালনা বোর্ডের সদস্য হইবেন;
(ছ) বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশন (বিইএফ) এর ১ (এক) জন প্রতিনিধি যিনি পরিচালনা বোর্ডের সদস্য হইবেন;
(জ) সরকার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট রপ্তানীমুখী শিল্প সেক্টরের শ্রমিক ফেডারেশনের ৫ (পাঁচ) জন সদস্য যাহাদের মধ্যে দফা (ঘ) এ বর্ণিত সদস্যও অন্তর্ভুক্ত থাকিবেন;
(ঝ) বোর্ডের মহাপরিচালক যিনি ইহার সদস্য সচিবও হইবেন:
“তবে শর্ত থাকে যে, বিধি ২১৪(১) (ঘ) এর বিধান অনুযায়ী প্রাপ্ত অনুদান দ্বারা সামাজিক নিরাপত্তা সুরক্ষা বা অন্য কোন কল্যাণমূলক কাজে প্রকল্প পরিচালনা করা হইলে উক্ত অনুদানের কার্যক্রম ও তহবিল পরিচালনার জন্য পরিচালনা বোর্ড সরকার, সংশ্লিষ্ট শিল্প সেক্টরের মালিক সংগঠন ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি সমন্বয়ে আলাদা বোর্ড বা ত্রিপক্ষীয় কমিটি গঠন করিবে এবং উক্ত বোর্ড বা কমিটিতে দাতা সংস্থার প্রতিনিধি পর্যবেক্ষক হিসাবে থাকিতে পারিবে:
আরও শর্ত থাকে যে, উক্ত বোর্ড বা ত্রিপক্ষীয় কমিটির কার্যপরিধি ও অনুদানের অর্থ পরিচালনার জন্য ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে একটি প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।