উত্তরঃ
বাংলাদেশ শ্রম আইন এর ধারা ৭৪ ও ইপিজেড বিধি ৮৫(১) অনুযায়ী,
- কোনো প্রতিষ্ঠানে কোনো শ্রমিককে তাহার ক্ষতি হইতে পারে এইরূপ কোনো ভারী জিনিস উত্তোলন, বহন অথবা নাড়াচাড়া করিতে দেওয়া যাইবে না।
শ্রম বিধি ৬৩(১) এবং ইপিজেড বিধি ৮৫(২) অনুযায়ী,
কোন প্রতিষ্ঠানের কোন পুরুষ বা মহিলাকে নিম্নবর্ণিত ওজনের অতিরিক্ত ওজনবিশিষ্ট কোন দ্রব্য, যন্ত্রপাতি, হাতিয়ার বা সরঞ্জাম কাহারো সাহায্য ব্যতীত হাতে বা মাথায় করিয়া উত্তোলন, বহন বা অপসারণের উদ্দেশ্যে নিয়োগ করা যাইবে না, যথা:-
(ক) প্রাপ্তবয়স্ক পুরুষ…. ৫০ কিলোগ্রাম; এবং
(খ) প্রাপ্তবয়স্কা মহিলা ৩০ কিলোগ্রাম।
তবে ইপিজেড বিধি ৮৫(২) তে বলা আছে যে,
যেইক্ষেত্রে ওজন বহন করিয়া উপরে উত্তোলন করিতে হয় সেইক্ষেত্রে পরিদর্শকের নির্দেশ অনুযায়ী কোনো দ্রব্য, যন্ত্রপাতি, হাতিয়ার বা সরঞ্জামের ওজন পুরুষ শ্রমিকের ক্ষেত্রে ৪০ (চল্লিশ) কিলোগ্রাম ও মহিলা শ্রমিকের ক্ষেত্রে ২৫ (পঁচিশ) কিলোগ্রামে হ্রাস করা যাইবে।
শ্রম বিধি ৬৩(২ – ৪) এবং ইপিজেড বিধি ৮৫(৩-৫) অনুযায়ী,
- পরিবহণের জন্য ব্যবহৃত রাস্তা অবশ্যই এমনভাবে বাঁধামুক্ত হইতে হইবে যাহাতে শ্রমিকের হোঁচট খাইবার সম্ভবনা না থাকে এবং কোন মতেই উহা পিচ্ছিল হইতে পারিবে না:
তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে ওজন বহন করিয়া উপরে উঠাইতে হয় সেই ক্ষেত্রে উপরি-উক্ত পরিমাণ কর্মক্ষেত্রের পরিবেশ অনুযায়ী পরিদর্শকের নির্দেশ মোতাবেক কম করিতে হইবে যাহা প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে ৪০ কিলোগ্রাম এবং প্রাপ্তবয়স্কা মহিলাদের ক্ষেত্রে ২৫ কিলোগ্রামের অধিক হইবে না।
- কোন মালিকের বা প্রতিষ্ঠানের কাজে, কিশোর বা কিশোরী ও অন্তসত্ত্বা অবস্থায় কোন মহিলাকে কোন দ্রব্য, সরঞ্জাম বা যন্ত্রপাতি হাতে বা মাথায় করিয়া বহন, উত্তোলন বা অপসারণের জন্য নিয়োজিত করা যাইবে না।
- ৫০ কিলোগ্রাম ওজন বহনের ক্ষেত্রে একজন পুরুষ শ্রমিক যে মজুরি পাইবেন ৩০ কিলোগ্রাম ওজন বহনের ক্ষেত্রে একজন মহিলা শ্রমিকও একই হারে মজুরি পাইবেন, তিনি যেভাবেই নিয়োজিত হউন না কেন।
ইপিজেড বিধি ৮৫(৩-৫) অনুযায়ী, কোনো মালিকের বা প্রতিষ্ঠানের কাজে অন্তঃসত্ত্বা কোনো মহিলাকে বা প্রতিবন্ধী শ্রমিককে কোনো দ্রব্য, সরঞ্জাম বা যন্ত্রপাতি হাতে বা মাথায় করিয়া বহন, উত্তোলন বা অপসারণের জন্য নিয়োজিত করা যাইবে না।