উত্তরঃ শ্রম বিধিমালা ৫৫(১ – ১৩) ও ইপিজেড বিধিমালা ৪৫(১-১৩) অনুযায়ী,
(১) আইনের ধারা ৩৫(২) (৬) এর উদ্দেশ্যপূরণকল্পে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতি তলায় প্রতি ১০০০ (এক হাজার) বর্গমিটার আয়তনের মেঝের জন্য ২০০ (দুই শত) লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন পানি ভর্তি একটি ড্রাম এবং ১০ (দশ) লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন ৪ (চার) টি করিয়া ধাতব পদার্থ দ্বারা নির্মিত লাল রংয়ের খালি বালতি ঝুলন্ত অবস্থায় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করিতে হইবে এবং প্রতিটি বালতি
(ক) বাংলাদেশ স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অনুযায়ী যথাযথ মানের হইতে হইবে;
(খ) পরিদর্শক কর্তৃক অনুমোদিত অবস্থানে রাখিতে হইবে এবং অগ্নি নির্বাপণ ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহৃত হইবে না এবং ‘অগ্নি নির্বাপণের জন্য ব্যবহার্য’ লিখা সংবলিত হইতে হইবে;
(গ) কেবল দাহ্য তরল বা অন্য পদার্থ হইতে কোনো স্থানে আগুন লাগিবার ঝুঁকি থাকিলে এবং উক্ত স্থানে পানি ব্যবহারযোগ্য না হইলে এইরূপ ক্ষেত্রে উক্ত স্থানে অগ্নি নির্বাপণের জন্য সর্বদা বালতি ভর্তি বা অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখিতে হইবে:
তবে শর্ত থাকে যে, প্রতিষ্ঠান ফায়ার হাইড্রেন্ট অথবা স্প্রিঙ্কলার দ্বারা সুরক্ষিত হইলে উপরিউক্ত বিধানাবলি প্রযোজ্য হইবে না;
(ঘ) প্রত্যেক ভবনে প্রতি ৮৫০ (আটশত পঞ্চাশ) বর্গমিটার স্থানের জন্য প্রতি তলায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্পেসিফিকেশন অনুযায়ী একটি হোজরিল পরিদর্শক কর্তৃক অনুমোদিত স্থানে স্থাপন করিতে হইবে ও উহাতে অবারিত পানির সংযোগ থাকিবে এবং প্রতি বৎসর অন্যূন একবার উহা পরীক্ষার ব্যবস্থা করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, অতিরিক্ত মহাপরিদর্শক অগ্নি নির্বাপণের বিকল্প ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হইলে উহা লিখিতভাবে সংরক্ষণপূর্বক কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই দফার বিধান প্রতিপালন শিথিল করিতে পারিবেন।